ইত্তেফাক ডেস্ক
দেশব্যাপী চলমান লকডাউনের চতুর্থ দিনে রবিবার বিধিনিষেধ না মানায় বিভিন্ন স্থানে মামলা দায়েরসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নাটোর :জেলা সদরসহ সবকটি উপজেলায় অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় এবং কাগজপত্র না থাকায় ৩১টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) :কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ২৭টি মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :উপজেলায় ব্যবসায়ীসহ ১৯ জনকে মামলা দিয়ে ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত অভিযান চালিয়ে দোকান খোলার অপরাধে, মোটরসাইকেল চালানো ও অযথা মাস্ক ছাড়া ঘোরাঘুরি করার অপরাধে ১৯ জনকে ১৩টি মামলায় ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
কাঠালিয়া (ঝালকাঠি) :কাঠালিয়ায় মাস্ক না পরার দায়ে ১২ জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। উপজেলা সদর, বটতলা ও আমুয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
