স্টাফ রিপোর্টার, রংপুর
সারা দেশে যখন করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি। দিন দিন মৃত্যু এবং আক্রান্তের সংখ্যায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। তখনই রবিবার থেকে রংপুরের কাউনিয়া হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, কাউনিয়া হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নির্ধারিত কোনো টেকনেশিয়ান নিয়োগ না দেওয়ায় টিকাদান কর্মসূচির একজনকে দিয়ে এত দিন করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু গত শনিবার থেকে সেই টেকনেশিয়ান করোনায় আক্রান্ত হওয়ায় তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা টেস্টের জন্য জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা দেওয়া হয়েছে। নতুন লোক না আসা বা দায়িত্বপ্রাপ্ত কর্মী সুস্থ না হওয়া পর্যন্ত আপাতত কাউনিয়া হাসপাতালে করোনা পরীক্ষা করা সম্ভব হবে না।
