লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
লাকসামে করোনার নমুনা দিতে গিয়ে জটলা সৃষ্টি হচ্ছে। রবিবার বেলা সোয়া ১১টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে মূল গেটের কাছাকাছি স্থাপিত বুথে দেখা গেছে মানুষের জটলা। নিরাপদ দূরত্বে না দাঁড়িয়ে গাদাগাদি করে নমুনা দিচ্ছেন লোকজন। এতে অসংক্রমিত ব্যক্তি ও রোগীর সঙ্গে আসা লোকজন সহজেই সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হাসপাতাল রোডে নিয়মিত যাতায়াতকারী ওমর ফারুক, আবদুল কুদ্দুসসহ কয়েক জন পথচারী জানান, এ অবস্থা চলতে থাকলে সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে। এজন্য তারা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, নমুনা দিতে আসা লোকদের নিরাপদ দূরত্বে দাঁড় করানোর জন্য দুই জন লোক দায়িত্ব পালন করেন। কিন্তু রোগী ও তাদের স্বজনরা তা মানতে চায় না। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই।
