লকডাউন বিধি না মানায় এনায়েতপুর হাট বন্ধ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে বিধি না মেনে রবিবার এনায়েতপুর হাট পরিচালনা করায় তা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ভোর ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান থানা পুলিশের সহযোগিতায় এনায়েতপুর কাপড়ের হাট পরিদর্শনে যান। এ সময় হাটে তাঁতের পাইকারী শাড়ী-লুঙ্গী ক্রেতা-বিক্রেতাদের জনসমাগম দেখে হাটটি বন্ধ করে দেয়া হয়।
করোনা ওয়ার্ড পরিদর্শন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ড পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ। রবিবার হাসপাতালের আইসোলেসনের অক্সিজেনসহ যাবতীয় চিকিত্সা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল প্রমুখ।
অক্সিজেন পরিষেবা কার্যক্রম উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় রবিবার দুপুরে অক্সিজেন পরিষেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ রেসপন্স টিমের উদ্যোগে এবং সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।
কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ
বান্দরবান প্রতিনিধি বান্দরবানে কঠোর লকডাউনে কর্মহীনদের মধ্যে রবিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবান জিমনেসিয়াম মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর থানা পুলিশের উদ্যোগে রবিবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম সুজানগর পৌর বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করেন। এ সময় থানার ওসি মিজানুর রহমান মিজান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ হাসপাতালে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট লন্ডন শাখার উদ্যোগে রবিবার দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত জরুরি রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে দান করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও ঐ চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি জাহিদুর রহমান জাহিদ।
০
