কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম পুরাতন বাজার থেকে জামষাইট মধ্যপাড়া বাইপাস সড়কের দক্ষিণ মধ্যপাড়া-উত্তর মধ্যপাড়ার সংযোগস্থলে খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এই সেতুটির রেলিং ভেঙে যাওয়ায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন হাজারো মানুষ এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এ সেতুটি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের অন্যতম মাধ্যম। এ সেতুটি দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য আনা-নেওয়া করা হয়। সেতুটির দুই পাশের রেলিং ভেঙে যাওয়ার কারণে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় সময়ই সেতু থেকে ছোট-বড় যানবাহন নিচে পড়ে দুর্ঘটনা ঘটছে। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে। বর্তমানে সেতুটি অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় সেতুটি সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সেটির বাস্তবায়ন হয়নি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে সেতুটি সংস্কারে অতিসত্বর পদক্ষেপ গ্রহণ করবেন।
মো. আশরাফুল ইসলাম
কটিয়াদী, কিশোরগঞ্জ
