ব্যাংক ঋণের সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

ঋণের সব ধরনের তথ্য ঠিকঠাকভাবে সংরক্ষণ করছে না ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে সতর্ক করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণ নবায়নের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নতুন ঋণের ফাইল যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক খাতে ঋণশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও অধিকতর স্বচ্ছতা আনার জন্য ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন বা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণ করতে হবে। পাশাপাশি স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ সংবিধিবদ্ধ নিরীক্ষা রিপোর্ট যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। কিন্তু সেটা যথাযথভাবে পালন করা হচ্ছে না। তাই নির্দেশনা জারির মাধ্যমে ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন ও নবায়নের ক্ষেত্রে অন্য যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকবে তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘সিএমএসএমই সেক্টরে  কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সিএমএসএমই সেক্টরের কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত, সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন ও নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত সংবিধিবদ্ধ নিরীক্ষা রিপোর্ট গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।