অক্সিজেনের অভাবে মৃত্যুর দায় সরকারের, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে :বাবলু

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু।  মানুষকে তারা কি সেবা দিবে? তার নিজেরই সেবার প্রয়োজন। বগুড়ায় অক্সিজেনের অভাবে ১২ জন করোনা রোগী মারা গেছেন। এর দায় সরকারকেই নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য খাত পরিচালনায় চরম ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবসংহতি আয়োজিত কোরআনখানি ও মিলাদ মাহফিলের আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই দাবি জানান।

জিয়াউদ্দিন বাবলু বলেন, অক্সিজেন সংকটের কারণ নির্ণয়ের জন্য সরকার একটি তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি আগেও বহু হয়েছে, কিন্তু কখনো সেগুলো আলোর মুখ দেখেনি। প্রশ্ন রেখে তিনি বলেন, যারা এরই মধ্যে মারা গেছেন তদন্ত করে কী তাদের ফিরিয়ে আনা যাবে? এর দায় অবশ্যই সরকারকে বহন করতে হবে।

যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—জাপার ভাইস চেয়ারম্যান ও যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক তারেক এ আদেল, পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।