ইউক্রেনকে উড়িয়ে দিয়ে সেমিতে ইংল্যান্ড

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৫৫

স্পোর্টস ডেস্ক

‘ইটস কামিং হোম’—বহুজাতিক টুর্নামেন্টে ইংল্যান্ড ফুটবল দলকে ঘিরে বহুল ব্যবহূত তিনটি শব্দ। সমর্থক ও গণমাধ্যমের প্রত্যাশা বহিঃপ্রকাশে ব্যবহূত হওয়া শব্দগুলো এখন ইংলিশদের নিয়ে হাস্যরসের উপাদানও হয়ে গেছে।

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবারও সেই রব উঠেছে। মহাদেশীয় এই টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ওঠার ছবি আঁকছে হ্যারি কেইনের দল। রোমে গত শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউক্রেনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৪-০ গোলের বড় জয়ে ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালের টিকিট কেটেছেন গ্যারেথ সাউথগেটের শীষ্যরা। জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন, অপর দুটি গোল করেছেন হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন। ইউরোতে এবার নকআউট পর্বে ইংল্যান্ডের সামনে বড় বাধা ছিল জার্মানরা। শেষ ষোলোর লড়াইয়ে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে দেয় ইংলিশরা। তাতেই কার্যত ফাইনালের জন্য তাদের পথটা মৃসণ হয়ে উঠেছে।

ইতালির রোমে ইংলিশ দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে অনেক কড়াকড়ি ছিল। করোনার কারণে বিধিনিষেধের মুখে পড়তে হয়েছে সমর্থকদের। ইউক্রেনের বিরুদ্ধে সহজ জয়ে ঘরের মাঠে ফিরল ইংলিশ দলটি। আগামী ৭ জুলাই লন্ডনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে লড়বে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একই স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই। ইউরোর এবারের আসরে এখনো গোল হজম না করা ইংলিশরা উড়ছে। ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কোচ সাউথগেট। ১৯৬৮ ও ১৯৯৬ সালে সেমিতে উঠলেও ফাইনালে খেলা হয়নি তাদের। এবার সেমির বাধা টপকে ট্রফির মঞ্চে যেতে চায় ইংল্যান্ড।

সাউথগেট বলেছেন, ‘এখনো অনেক দূর যেতে হবে আমাদের। কখনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারিনি আমরা। এবার আমাদের জন্য আরেকটি সুযোগ ইতিহাস গড়ার।’ আগের ম্যাচে গোল করা রাহিম স্টারলিংয়ের সঙ্গে হ্যারি কেইনের দারুণ বোঝাপড়ায় শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের চার মিনিটে কেইন গোল করেন। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশরা। বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যাগুইয়ার। ৫০ মিনিটে কেইনের দ্বিতীয় গোলে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে ইউক্রেন। ডিফেন্ডার শ’র ক্রস থেকে হেডে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। ৬২ মিনিটে হ্যাটট্রিক হতে পারত কেইনের। কিন্তু তার জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান ইউক্রেনের গোলরক্ষক বুশচান। পরে ঐ কর্নার থেকেই হেডে ম্যাচের চতুর্থ গোলটি করেন মিডফিল্ডার হেন্ডারসন।

সাউথগেটের কোচিংয়ে গত বিশ্বকাপেও সেমিতে খেলেছিল ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়া ইংলিশরা এবার ইউরো জয়ের স্বপ্নই দেখছে। এদিকে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে গত শনিবার রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছিল ডেনমার্ক। ১৯৯২ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম সেমিতে উঠল ডেনিশরা।