প্রস্তুতি ম্যাচ ড্র
স্পোর্টস রিপোর্টার
দুই দিনের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন পুরোটা সময়ই বাংলাদেশ ব্যাটিং করেছে। গতকাল বড় কিছু করতে না পারলেও জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ দিনের সিংহভাগ ওভার ব্যাটিং করেছে। শেষ বিকালে স্বাগতিকরা অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল। তারা ৭.১ ওভারে ২২ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুইদল। তামিম ১৮, সাদমান ৪ রানে অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের প্রস্তুতি বিবেচনা করলে বাংলাদেশের জন্য ভালো সময় কেটেছে। ৯০ ওভার ব্যাটিংয়ের পর গতকাল ৭৪.৫ ওভার বোলিংও করেছে সফরকারী দল। কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য মাঠে অবস্থান, ম্যাচের আবহে বোলিং-ব্যাটিং-ফিল্ডিংটা হয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছিল ২ উইকেটে ৩১৩ রান তুলে। গতকাল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন বাংলাদেশের সাত বোলার। নাঈম হাসান, আবু জায়েদ রাহী ছাড়া সবাই উইকেটের দেখা পেয়েছেন। ব্যাটিংয়ের পর বল হাতেও সাফল্য পান সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সই দেখা গেল তার। ৩৪ রানে তিন উইকেটে নেন তিনি। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ উইকেটও নিয়েছেন তিনটি। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের শিকার দুই উইকেট। তাসকিন আহমেদ, এবাদত হোসেন একটি করে উইকেট পান।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়েছিল। টিমাইসেন মারুমা সর্বোচ্চ ৫৮, কাইতানো ৩২, ওয়েসলে মাধেভারে ২৮, ব্রায়ান ১৬, মায়ার্স ১৬, মুফুজা অপরাজিত ১৫ রান করেন। তবে অপেক্ষাকৃত স্পিন সহায়ক উইকেটে হয়েছে প্রস্তুতি ম্যাচ। নিশ্চিতভাবেই বলা যায়, টেস্টের মূল লড়াইয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলতে হবে পেস নির্ভর উইকেট। সেটা মুমিনুল-সাকিবরাও ভালো করেই জানেন। আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট।
