স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের পর টি-২০ সিরিজটাও জিতল দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে উইন্ডিজদের ২৫ রানে হারিয়েছে প্রোটিয়ারা। এর আগে প্রথম ম্যাচে জিতেছিল ক্যারিবিয়ানরা। পরের দুটি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচে ২১ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ ম্যাচের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল টেম্বা বাভুমার দল।
গ্রানাডায় আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বাভুমা রানের খাতা খুলতে না পারলেও হাফ সেঞ্চুরি করেছেন ডি কক ও মার্করাম। ডি কক ৬০, মার্করাম ৭০, মিলার অপরাজিত ১৮ রান করেন। উইন্ডিজদের পক্ষে ফিদেল এডওয়ার্ডস ২টি, ডোয়াইন ব্র্যাভো, ম্যাককয় ১টি করে উইকেট নেন।
জবাবে এভিন লুইসের হাফ সেঞ্চুরির পরও ৯ উইকেটে ১৪৩ রানের বেশি যেতে পারেনি ক্যারিবীয়রা। লুইস ৫২, হেটমায়ার ৩৩, পুরান ২০, পোলার্ড ১৩, গেইল ১১ রান করেন। প্রোটিয়াদের পক্ষে এনগিদি ৩টি, রাবাদা-মুল্ডার ২টি করে, শামসি-লিন্ডে ১টি করে উইকেট নেন। মার্করাম ম্যাচ সেরা ও শামসি সিরিজ সেরার পুরস্কার পান। পাঁচ সিরিজ পর টি-২০ সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। মার্ক বাউচারের কোচিংয়ে এটিই প্রথম সিরিজ জয়। নতুন অধিনায়ক বাভুমার শুরুটা হলো সিরিজ জিতে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ শেষ ১০ টি-২০ ম্যাচের ৭টি তেই হেরেছে।
