করোনার কারণে অভাব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় করোনার কারণে অভাব-অনটন ও কিস্তির টাকা দিতে না পেরে আনোয়ারা বেগম (৩০) নামে চার সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকালে আনোয়ারা বেগম পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। আনোয়ারা উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের গৌতমপাড়া এলাকার ফারুক মিয়ার স্ত্রী। তাদের ঘরে তিনটি মেয়ে ও একটি ছেলে সন্তান আছে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, করোনার আগে ২০১৯ সালে সৌদি আরব যান ফারুক মিয়া। বাবা মারা যাওয়ার সাত মাস পর ফারুক দেশে চলে আসেন। করোনার কারণে তার আর বিদেশে যাওয়া হয়নি। সংসারে অভাব-অনটন এবং বিভিন্ন এনজিও ও একাধিক সমিতি থেকে কিস্তি নিয়ে সংসার চলত তাদের। করোনার কারণে ফারুক মিয়া কর্মহীন হয়ে যাওয়ায় প্রতি মাসের কিস্তির টাকার ব্যবস্থা করতে পারতেন না। এ নিয়ে বিভিন্ন এনজিও ও বিভিন্ন সমিতির লোকজনের কথা শুনতে হতো আনোয়ারার। এ অভাব-অনটন ও বিভিন্ন কিস্তির টাকা না দিতে পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় পোকা মারার ট্যাবলেট খান। রাতে পরিবারের লোকেরা আনোয়ারাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় রাতেই আনোয়ারা মারা যান। সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
