সাজাপ্রাপ্ত বন্দি নির্যাতন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের শাহজাহান বিলাস (৫৫) নামে এক বন্দিকে পিঠমোড়া করে হাতকড়া লাগিয়ে নির্যাতনের ঘটনায় কারা অধিদপ্তর কর্তৃক গঠিত তিন সদস্যের কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে। গতকাল রবিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানের নেতৃত্বে কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেল সুপার ইকবাল হোসেন ও ফেনী জেলা কারাগারের জেলার শাহাদত হোসেন মিঠু। তারা দিনভর কুমিল্লা কারাগারে অবস্থান করেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।
কারাগার সূত্রে জানা গেছে, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৫৮ বছরের সাজাপ্রাপ্ত বন্দি শাহজাহান বিলাসকে কোন ঘটনার প্রেক্ষাপটে কারাগারের কেইস টেবিলে এনে নির্যাতন করা হয় তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তারা। তারা কারাগারের সংশ্লিষ্ট নথি, ফাঁস হওয়া ভিডিও, অডিও রেকর্ড, ঘটনার দিন ও পরে কারাগারের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। রবিবার বিকালে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, ‘বন্দি শাহজাহান বিলাসকে মারধরের প্রেক্ষাপট, ঐ বন্দির নিকট থেকে মাদক উদ্ধার, ভিডিও-অডিও ফাঁসের সঙ্গে কারাগার সংশ্লিষ্ট কেউ জড়িত আছেন কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশা করছি।’
