গোমাংস খেতে বলা সেই শিক্ষককে শোকজ, তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬

টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালকে শোকজ করা হয়েছে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

জানা যায়, গত ২৬ জানুয়ারি ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়। পিকনিকে ২২জন হিন্দু শিক্ষার্থীকে গরুর মাংস খাওয়ার কথা বলেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। এ ঘটনায় দুইদিন বিদ্যালয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এছাড়া এলাকার জনগণ প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে আন্দোলন করে।

ঘটনাটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দীন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত ও থানার পুলিশ কর্মকর্তা এসআই আব্দুর রহিম। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আরো পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

অপরদিকে, অভিযুক্ত ওই শিক্ষক শোকজের বিষয়ে মাধ্যমিক কর্মকর্তার বরাবর লিখিত জবাব দিয়েছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/অনি