রাজশাহীতে মানুষের চলাচল বেড়েছে চলছে জরিমানাও

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৫৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের মধ্যেই রাজশাহী শহরে মানুষের চলাচল বেড়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মার্কেট এবং অলিগলির অংসখ্য দোকানপাটের একটি শার্টার গেট খুলে প্রচুর বেচাকেনাও করা হচ্ছে। এছাড়া নগরীতে বেড়েছে রিকশার সংখ্যা। তবে অহেতুক ঘরের বাইরে আসা মানুষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সচেতনতামূলক জরিমানাও করা হচ্ছে।

এদিকে লকডাউনের চতুর্থ দিন রবিবার সকালে নগরীর সাহেববাজার এলাকায় গিয়ে দেখা যায়, নানা প্রয়োজনে বাইরে এসেছে বহু মানুষ। শহরে সংখ্যায় কম হলেও চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। এছাড়া মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িও চলছে। বিভিন্ন মার্কেট এবং অলিগলির অংসখ্য দোকানপাটের একটি শার্টার গেট খুলে প্রচুর বেচাকেনাও করা হচ্ছে। তবে বন্ধ রয়েছে প্রধান সড়কের পার্শ্বের দোকানপাট ও মার্কেট।

অন্যদিকে বাইরের মানুষদের ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা। বিনা প্রয়োজনে বের হওয়া মানুষকে শাস্তির মুখোমুখি করতে জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে কাজ করছে চারটি ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক জানান, রবিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় ২৬টি মামলায় ৩৭ জনকে জরিমানা করা হয়েছে।