সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনাকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন তা আগে কখনো করেননি। তিনি গরিব-দুঃখী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা মানুষ যেন স্বাস্থ্য সচেতনভাবে চলে সেই নির্দেশ দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে যা যা করার দরকার তিনি তাই করেছেন। গতকাল রবিবার ভোলা সদরের পূর্ব ও পশ্চিম ইউলিশা ইউনিয়নের ‘করোনা মহামারি সতর্ককরণ’ মতবিনিময় সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী যাদের জমি নেই, ঘর নেই, তাদের প্রত্যেকটা মানুষ যাতে ঘর পায় তিনি সেই ব্যবস্থাও নিয়েছেন। প্রত্যেক মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা তিনি নিয়েছেন। করোনাকালীন সময়ে সবাই প্রধানমন্ত্রীর নিদের্শ পালন করবেন, লকডাউন মেনে চলবেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, করোনা মহামারি যেভাবে ধারণ করেছে, তাতে সবাই সতর্ক না হলে আরো ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই প্রত্যেকটি মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা নিতে হবে। সবাইকে ঘরে থাকবে হবে।
জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন—পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই ইউনিয়নের জনপ্রতিনিধিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
