টিকা দেওয়া নিয়ে বিতর্ক

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২৩:০৪

টিকাকেন্দ্রে চিকিত্সক, নার্স থাকতেও পশ্চিমবঙ্গের আসানসোল পৌরসভার সাবেক ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী তবস্সুম আরা নিজেই এক নারীকে টিকা দিয়েছেন। শনিবার এ ঘটনা প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল বিজেপি। এরই ধারাবাহিকতায় তবস্সুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সংখ্যালঘু সেলের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।

বিজেপির সংখ্যালঘু সেলের সহসভাপতি জিসান কুরেশি অভিযোগে বলেছেন, ‘সংবাদমাধ্যমে এ ঘটনা দেখে আমরা শঙ্কিত। তবস্সুমের করোনার টিকা দেওয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তার পরেও তিনি নিজে টিকা দিয়েছেন। এতে ঐ নারীর জীবনের ঝুঁকি হতে পারে। এ ঘটনা অপরাধ। তাই আমরা আবেদন জানাচ্ছি, এ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।’

আসানসোল পুরনিগমের সাবেক ডেপুটি মেয়র তবস্সুম ঐ পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যও। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তবস্সুমকে শোকজ করেন বোর্ডের চেয়ারপার্সন অমরনাথ চট্টোপাধ্যায়। ঐ টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকা চিকিত্সক অপূর্ব কুমার পানকেও শোকজ করেন আসানসোলের পৌর কমিশনার নীতিন সিংহানিয়া। এর পাশাপাশি মনালি ভট্টাচার্য ও শাহনওয়াজ পারভিন নামে দুই নার্সকেও শোকজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে গত রবিবার টিকা নেওয়া ঐ নারীর চেকআপ করার জন্য চিকিত্সকদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায়। ঐ নারী ভালোই আছেন। তাকে নজরদারিতে রাখা হচ্ছে।

এদিকে তৃণমূল নেত্রীর টিকা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল রাজ্য বিজেপির কয়েকটি সংগঠন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এর অনুমোদন দেয়নি রাজ্য সরকার।