গফরগাঁওয়ে যুবলীগ নেতাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২৩:১২

ময়মনসিংহের গফরগাঁওয়ের শিবগঞ্জ বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে যুবলীব নেতা মতিউর রহমান মোহনকে (৩২) এলাপাতাড়ি কুপিয়ে ও হাতা-পা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল রবিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত মতিউর উপজেলার পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মতিউর গতকাল বিকাল পাঁচটার দিকে বাড়ি থেকে উপজেলার দীঘা গ্রামে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন । সাথে ছিলেন গ্রাম পুলিশ ও চাচাতো ভাই কাঞ্চন মিয়া (৩০) । পথিমধ্যে শিবগঞ্জ বাজারে নেমে তার ৪ বছর বয়সী একমাত্র কন্যা মোহনার জন্য দোকান থেকে জামা-কাপড় কেনেন। বিকাল ছয়টার দিকে তিনি শিবগঞ্জ বাসষ্ট্যান্ডের যাত্রী ছাউনী এলাকায় মোটর সাইকেলে উঠে আবার যাত্রা শুরু করার পূর্ব মুহূর্তে দুইজন অজ্ঞাতনামা দূর্বৃত্ত (এদের মধ্যে একজন কালো মুখোশ পরা ছিল) তার পথ আটকায় । তারা রামদা বের করে তাকে কোপাতে থাকে। এক পর্যায়ে মোহনকে টেনে হিঁচড়ে মোটর সাইকেল থেকে নামিয়ে প্রথমে হাত-পা কেটে পরে মাথায় ও পেটে কুপিয়ে দীঘা গ্রামের দিকে চলে যায় । এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় অসংখ্য মানুষ ও রিক্সা এবং  অন্যান্য যানবাহন চলাচল করলেও কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। প্রায় ১৫/২০ মিনিট এভাবে পড়ে থাকার পর খবর পেয়ে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ খুনের ঘটনায় বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।