সিলেট-৩ আসনে উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। ঐ কর্মকর্তা বর্তমানে পপুলার লাইফ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এছাড়াও সহকারী রিটার্নিং অফিসারও করোনায় আক্রান্ত। বাধ্য হয়ে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পরিবর্তন করেছে। আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য ঐ উপ-নির্বাচনে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পরিবর্তনের কথা জানানো হয়। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনি আসনের তিন উপজেলা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
