রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০০:২৭

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শাহবাগে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক মহিউদ্দিন (৩০), মোহাম্মদপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক দেলোয়ার হোসেন রানা (৩৫) ও কাঁঠালবাগানে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে সবজিবিক্রেতা আব্দুল আজিজ (৩৩) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ তিনটি দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী জানান, শনিবার রাত সোয়া ২টার দিকে এক আরোহীকে নিয়ে মোটরসাইকেলে করে পরীবাগ পেট্রলপাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় দুজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিত্সক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরোহী তানভির (২৫) চিকিত্সা নিয়ে বাসায় ফিরে গেছেন। নিহতের বাসা কামরাঙ্গীরচরের আলীনগরের বড়গ্রাম এলাকায়। তার বাবার নাম জালাল উদ্দিন। তিনি একটি দোকানে কাজ করতেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লোহার গেট-সংলগ্ন বেরিবাঁধ এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে রানার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি আদাবর সুনিবির হাউজিং এলাকায় থাকতেন এবং ব্যবসা করতেন।