বিজেপির হয়ে নয়, নিরপেক্ষভাবে করুন : সলিসিটরকে তৃণমূল

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০০:৩১

ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তার আগে আরো একবার তুষার মেহতার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতারা। টুইটারে তৃণমূল এমপি ডেরেক ও’ ব্রায়েন লিখেছেন, সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। নিরপেক্ষভাবে কাজ করুন, বিজেপির হয়ে কাজ করবেন না।

অন্যদিকে তুষার মেহতাকে টার্গেট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ লিখেছেন, ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। নারদ কেলেঙ্কারিতে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে না কেন? খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়েছিলেন তৃণমূলের তিন এমপি। নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন এমপি ডেরেক ও’ ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র। যদিও সলিসিটর জেনারেল শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের দাবি নাকচ করে দিয়েছেন। একই দাবি করেছেন শুভেন্দুও। তারপরও বিষয়টিতে ছাড় দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস।