ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে মুহূর্তেই ৬৩ রোগীর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২:১১

করোনা মহামারিতে এশিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। সেখানে ভাইরাসটির সংক্রমণ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থার মধ্যেই দেশটির একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণের মুহূর্তের মধ্যেই ৬৩ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

ভয়েস অব আমেরিকা ও এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (৩ জুলাই) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের সরকারি ড. সার্দজিতো জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে হঠাৎ করেই তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

No description available.

তাৎক্ষণিকভাবে ৩৩ জন রোগীর মৃত্যুর কথা গণমাধ্যমে প্রকাশ পায়। তবে রবিবার ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে সংখ্যাটা ৬৩ জন বলে প্রকাশ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তখন স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এরপরও ৬৩ জন রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাসপাতালটির পরিচালক রুকমনো সিস্বিশান্ত জানান, আকস্মিক ওই পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দেরি হওয়াতেই সব চেষ্টা ব্যর্থ হয়।

ইত্তেফাক/টিএ