‘ইমরান খান পাকিস্তানকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে’

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৩:২৯

ইমরান খান পাকিস্তানকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ। বলেন, দেশের জনগণকে ধ্বংস করতে কোন প্রকার কার্পণ্য করেননি তিনি। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।

রবিবার (৪ জুলাই) মিংগোরার গ্রাসি গ্রাউন্ডে বহু-দলীয় বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) এক অনুষ্ঠানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরীফ বলেন, ক্ষমতায় বসার ৯০ দিনের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান। কিন্তু এখন পর্যন্ত এসবের কিছুই হয়নি।

No description available.

জনগণের পকেটের মতোই সংসদে প্রধানমন্ত্রীর আসন খালি থাকে অভিযোগ করে তিনি বলেন, ইমরান খান ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেশ ঐতিহাসিক দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে।

মূল্যস্ফীতি আজ আকাশ ছোঁয়েছে। পাকিস্তান এর আগে এমন অবস্থা আর কখনো দেখেনি। দরিদ্রদের জন্য পাঁচ মিলিয়ন বাড়ির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একটি ইটও সরকার দেয়নি, যোগ করেন পিএমএল-এনের এই নেতা।

বলেন, ইমরান খান বলেছিলেন তিনি ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন। কিন্তু এখনো মানুষকে বেকার করে রেখেছেন তিনি। এটি অবশ্যই ওই পাকিস্তান নয়, যেটা কায়েদে আজম কল্পনা করেছিলেন।

ইমরানের এই নতুন পাকিস্তান থেকেও পুরনো পাকিস্তান ভালো ছিল বলে এ সময় মন্তব্য করেন শাহবাজ শরীফ।

ইত্তেফাক/টিএ