কিছু দিন আগেও আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এসাইনমেন্ট শব্দটির সঙ্গে পরিচিত ছিল না। কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এসাইনমেন্ট শব্দটির সঙ্গে পরিচিত ছিল। কেননা, তাদের এসাইনমেন্ট করতে হতো। মহামারি করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর যাবত্ সরাসরি পাঠদান বন্ধ থাকায়, অনলাইন পাঠদান শতভাগ সফল না হওয়ায়, শিক্ষা মূল্যায়নে অনলাইন ব্যবস্থা প্রবর্তন সম্ভব না হওয়ায় বর্তমানে এসাইনমেন্ট নির্ভর হয়ে পড়েছে আমাদের শিক্ষা ও শিক্ষা মূল্যায়ন। এটি অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটে বিকল্পসমূহের মধ্যে অন্যতম। মৃত্যু ঝুঁকির কারণে সম্ভব হচ্ছে না সরাসরি পাঠদান। পর্যাপ্ত ডিভাইস, ইন্টারনেট ও প্রশিক্ষণ না থাকায় সম্ভব হচ্ছে না সম্পূর্ণভাবে অনলাইন পাঠদান ও মূল্যায়ন।
এমতাবস্থায় এসাইনমেন্টকেই মনে করা হচ্ছে উত্তম পন্থা। এসাইনমেন্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট কর্ম। এসাইনমেন্ট করা মানে হচ্ছে কোনো নির্ধারিত কাজ করা। Assignment এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে duty, job, task ইত্যাদি। সহজ করে বলতে গেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে এসাইনমেন্ট হচ্ছে বাড়ির কাজ। আমাদের দেশের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই বাড়ির কাজ তথা বাড়িতে লেখাপড়া করে
অভ্যস্ত। কেননা, শিক্ষকগণ প্রতিষ্ঠানে যাই পড়ান না কেন শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে লেখাপড়ার জন্য কিছু নির্দিষ্ট কাজ দিয়ে থাকেন। বিশেষ করে কোন কিছু লেখার কাজ বাড়িতেই করতে বলা হয়ে থাকে। আমাদের শিক্ষার্থীদের অভিভাবকগণও এটি প্রত্যাশা করেন। যেটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছেও হোম ওয়ার্ক নামে পরিচিত। সুতরাং এসাইনমেন্ট শব্দটি শুনে আমাদের ঘাবড়ে যাওয়ার মতো কিছুই নেই।
যেহেতু এসাইনমেন্ট প্রবর্তন এর মধ্যে দুটি উদ্দেশ্য বিদ্যমান সেহেতু শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার জন্যই এসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত এসাইনমেন্ট দ্বারা শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং দ্বিতীয়ত এসাইনমেন্ট মূল্যায়নের
মাধ্যমে শিক্ষা মূল্যায়নের চেষ্টা করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাছাইকৃত চেপ্টার থেকে দেওয়া হচ্ছে বাড়ির কাজ তথা নির্দিষ্ট কর্ম তথা এসাইনমেন্ট। শিক্ষার্থীরা যাতে প্রতিটি এসাইনমেন্ট সংশ্লিষ্ট চেপ্টার ভালোভাবে পড়ে, বুঝে, স্টাডি করে লিখতে পারে সেজন্য দেওয়া হচ্ছে এক সপ্তাহ সময়। শিক্ষকগণের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে এসাইনমেন্ট (প্রশ্ন-উত্তর প্রবন্ধ-নিবন্ধ, গণিত-বিজ্ঞান ইত্যাদি) লেখার কলাকৌশল। শিক্ষকগণকে দিয়ে দেওয়া হয়েছে এসাইনমেন্ট মূল্যায়নের বিভিন্ন মানদণ্ড এবং বাতলে দেওয়া হয়েছে মূল্যায়নের ও শিক্ষার্থীদের মানোন্নয়নের বিভিন্ন উপায়। এমতাবস্থায় আমি প্রিয় শিক্ষার্থীদের বলবো, এসাইনমেন্টকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে তোমাদের। এসাইনমেন্ট অর্থাত্ নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য স্টাডি করেই অর্জন করতে হবে প্রয়োজনীয় শিক্ষা। ভালোভাবে আয়ত্ত করতে হবে নির্ধারিত চেপ্টারের খুঁটিনাটি সকল বিষয়। প্রয়োজনে অনলাইনে ডিসকাস করে নিতে হবে সহপাঠী বা শিক্ষকগণের সঙ্গে। চেষ্টা করতে হবে
নিয়মিত অনলাইন ক্লাস করার।
পরের অংশ আগামীকাল
লেখক: শিক্ষাবিদ ও অধ্যক্ষ, কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়
