‘আমি কাউকে আকৃষ্ট করতে চাইনি’

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:৩০

বলিউড অভিনেত্রী দিশা পাটানি বর্তমানে একতা কাপুরের ‘কে টিনা’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে কাজের পাশাপাশি টাইগার শ্রফের সঙ্গে সর্ম্পক ও তার পরিবারের সঙ্গে নানা খুনসুটি নিয়ে বরাবরই আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার নতুন একটি কাজ দিয়ে তেমনই আলোচনায় দিশা। সম্প্রতি আমেরিকান সংগীতশিল্পী ও র্যাপার ডোজাক্যাটের ‘কিস মি মোর’ গানটির সঙ্গে নেচে রীতিমতো প্রশংসার পাশাপাশি ভাইরাল বনে চলে গেছেন তিনি। নাচটিতে দিশাকে আরো বেশি আকর্ষণী আর সাবলীল অভিনেত্রী মনে হয়েছে। অনেকেই মন্তব্য করছেন নাচতে গিয়ে গানটির সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। আর এটা দিশার পক্ষেই সম্ভব। আবার অনেকেই বলছেন টাইগারের দৃষ্টি আকর্ষণের জন্যই দিশা এমন একটি গানে নেচেছেন। তবে শুধু ভক্তদের শুভেচ্ছা নয়, টাইগারের পরিবারের প্রশংসায়ও ভাসছেন দিশা। ইনস্টাগ্রামে পোস্ট করা দিশা ভিডিওতে টাইগারের বোন আয়েশা শ্রফ লিখেছেন, ‘সুপার কিউট’, টাইগার লিখেছেন, ‘দিজ ইজ সো কুল’। তবে প্রশংসা-সমালোচনা নিয়ে দিশা বলেন, ‘আমি কাউকে আকৃষ্ট করতে চাইনি। নিজের ভালো লাগা থেকে গানটিতে নেচেছি। মাঝে মাঝে এমন কাজ করতে মজাই লাগে। আমার ভক্তদের জন্য এমন কাজ আরো করতে চাই।’