আজ রাত আটটার বাংলা সংবাদের পর ইত্যাদি’র আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। এই পর্বটি ২০০৯ সালের জুন মাসে ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি হিসেবে ব্যবহূত হলেও বর্তমানে এটি জাদুঘর। ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেনের উপর রয়েছে একটি চমত্কার প্রতিবেদন। রংপুরের ২৯ বছর বয়সী এক সত্সাহসী গৃহবধূ পারুল বেগমের উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। যিনি নিজে বেশিদূর লেখাপড়া করতে না পারলেও নিজ বাড়ীর আঙিনায় বিনে পয়সায় গ্রামের দিনমজুর পরিবারের শিশুদের লেখাপড়া শিখিয়ে থাকেন। এছাড়াও বেশকিছু ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন। এবারের ‘ইত্যাদি’তে মুল গান রয়েছে তিনটি। একটি পরিবেশন করেছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্ ও একদল বাউলশিল্পী। বাংলাদেশের রূপ-বৈচিত্র্যকে বর্ণনা করে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ঈমন। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় আলী আকবর রুপুর সুরে আর একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী এস. আই. টুটুল ও শাকিলা জাফর। বিয়ের পাত্রী নির্বাচন নিয়ে রয়েছে আর একটি বিষয়ভিত্তিক গান। গানটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, সমু চৌধুরী, সাজু খাদেম, আরফান ও আব্দুল আজিজ। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শকপর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।
