জাপানের সাগরতীরবর্তী শহর আতামিতে প্রবল বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন এবং ৮০ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দুই দিন পর সোমবার হাজারেরও বেশি উদ্ধারকর্মী চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া ঘর ও কাদার নিচে চাপা পড়া রাস্তাগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল, সময় ও খারাপ আবহাওয়ার বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
শনিবার আতামিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়, এরই এক পর্যায়ে ভূমিধস হয়; কাদা ও পাথরের প্রবল সে াত ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে রাস্তা ভেঙে এগিয়ে যায়। রাষ্ট্রায়ত্ত এনএইচকে টেলিভিশনকে এক ব্যক্তি বলেন, ‘আমার মা এখনো নিখোঁজ। এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করিনি।’ ৭৫ বছর বয়সি এক ব্যক্তি জানান, তার অপর পাশের ঘরটি কাদার সে াতে ভেসে গেছে আর সেখানে যে দম্পতি থাকতো তারা নিখোঁজ রয়েছেন। ‘এটি নরক’ বলেন তিনি।
সোমবারের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারীর সংখ্যা বেড়ে দেড় হাজার জনে দাঁড়িয়েছে এবং আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, ‘যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সব লোককে উদ্ধার করতে চাই আমরা।’ পুলিশ, দমকল কর্মী ও সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে সব ধরনের সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। জাপান সরকারের মুখপাত্র হিরোকি ওনুমা তৃতীয় আরেক জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিলেন, আতামিতে ১১৩ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত তৃতীয় জন একজন নারী বলে জাপানি গণমাধ্যম জানিয়েছে।
