দূর থেকে দেখলে চীনামাটির পুতুল মনে হতে পারে। নরম চাহনি, তুলতুলে গালের সেই একরত্তি শিশু বাস্তবেও সত্যি সত্যি পাথর হওয়ার পথে। চিকিত্সকরা হাত তুলে নিয়েছেন ইতিমধ্যেই। রক্তমাংসের শিশু হিসেবে মায়ের কোলে জন্ম নিলেও, যত দিন জীবিত থাকবে, পাথর হয়েই তাকে কাটাতে হবে বলে জানিয়ে দিয়েছেন তারা। —আনন্দবাজার পত্রিকা
অতিমারির মধ্যেই এ বছর ৩১ জানুয়ারি ব্রিটেনে জন্ম লেক্সি রবিনেসর। করোনায় যখন চারদিকে মৃত্যুর মিছিল, সেই সময় ফুটফুটে শিশুটিকে পেয়ে সংসার ভরে উঠেছিল অ্যালেক্স এবং ডেভ রবিনেসর। এমনিতে সারাক্ষণ হাসিখুশি লেক্সি। কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি; কিন্তু ধন্দ কাটে কয়েক দিন যেতেই।
অ্যালেক্স এবং ডেভ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাকই চলছিল; কিন্তু তারা লক্ষ করেন, মেয়ে হাতের বুড়ো আঙুলটি একেবারেই নাড়াচ্ছে না। পায়ের আঙুলগুলোও যে স্বাভাবিকের থেকে একটু বড়। এভাবে কয়েক দিন কাটার পরেও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায়, চিকিত্সকের কাছে ছোটেন তারা। প্রথমে কেউই রোগ ধরতে পারেননি। শুধু বলা হয়, তাদের মেয়ে হাঁটতে পারবে না। সুস্থ-সবল মেয়েকে দেখে তা বিশ্বাস করতে পারেননি অ্যালেক্স এবং ডেভ। তাই বিশেষজ্ঞকে দেখানোর সিদ্ধান্ত নেন।
