করোনা :দৈনিক মৃত্যুতে শীর্ষে ব্রাজিল, সংক্রমণে ভারত

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:১৪

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ৪২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৪৬১ জনের। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ২৯৬ জন। এই সময়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে, অপরদিকে এক দিনে সংক্রমণের শীর্ষে ভারত। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ঐ সময় পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জনের। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ১৮১ জন। করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৩৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ২৯৩ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৮১৬ জন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৮৭২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৯৮৬ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। যদিও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে তারা। সেখানে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ৪৭৫ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৮০৮ জন।

বিশ্বে এর আগে করোনায় ৪ লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে ভারত। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ঐ বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।