ইন্দোনেশিয়ায় সংক্রমণ বাড়ছে, অক্সিজেন সংকট

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:১৪

ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি শহরের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে গ্যাস শিল্পকার-খানাগুলোকে মেডিক্যাল অক্সিজেন উত্পাদনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দেশটির হাসপাতাগুলো জানিয়েছে, তাদের অক্সিজেন সরবরাহ প্রায় ফুরিয়ে এসেছে। এসব হাসপাতালগুলোর মধ্যে একটি জানিয়েছে, অক্সিজেন সংকটের কারণে তাদের এখানে ৬৩ জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় প্রতিদিন ২৫ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে ।

ভ্রমণ বৃদ্ধি পাওয়ায় ও করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেলটা ধরন ছড়িয়ে পড়ে সংকট আরো গুরুতর হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। এখানে শনাক্ত মোট রোগীর সংখ্যা প্রায় ২৩ লাখ আর এদের মধ্যে ৬০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। তবে রাজধানী জাকার্তার বাইরে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পরিস্থিতি সামাল দিতে দেশটির মূল দ্বীপ জাভায় লকডাউন জারি করা হয়েছে, পাশাপাশি গত সপ্তাহ থেকে পর্যটন দ্বীপ বালিতেও এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার বানডুংয়ের দুটি হাসপাতাল তাদের অক্সিজেনের মজুত ফুরিয়ে গেছে আর এ কারণে জরুরি চিকিত্সার জন্য আসা নতুন রোগী আর ভর্তি নিচ্ছে না বলে ঘোষণা করেছে।

শনি ও রবিবার বানডুং, সুরাকার্তা ও পামেকাসান শহরের সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো জানায়, তারা রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। কয়েকটি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে, অন্যরা মূল ভবনের বাইরে তাঁবু খাটিয়ে অতিরিক্ত রোগী ভর্তির ব্যবস্থা করেছে।