রাজধানীর আগারগাঁওয়ে নিরাপত্তা জোরদার করুন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৩৭

রাজধানীর আগারগাঁও একটা গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা। সরকারি অনেক প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি সরকারি হাসপাতাল থাকায় মানুষের আনাগোনা সব সময় লেগেই থাকে। নিউরো সাইন্স হাসপাতাল থেকে শুরু করে নির্বাচন অফিসের সামনের রোড পর্যন্ত স্থান বেশ মনোমুগ্ধকর। এখানে বিকাল ও রাতে বিপুল মানুষ ভিড় করে প্রকৃতির একটু সান্নিধ্যে আসার জন্য। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসেন। রাজধানীর ঘরমুখী মানুষের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু সেখানে মোটরসাইকেল নিয়ে বেশকিছু ছেলেমেয়ে আড্ডা দেয়। তাদের কেউ কেউ বিকট শব্দে এবং সর্বোচ্চ গতিতে মোটরসাইকেল চালায়। মোটরবাইকের শব্দে কোনো সুস্থ মানুষ সেখানে ২০-৩০ মিনিটের বেশি অবস্থান করতে পারে না। কিছু কিছু জায়গায় ছেলেমেয়েরা অবাধে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে। এমনকি ঐ এলাকা গভীর রাতে বখাটের আড্ডাখানায় পরিণত হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই হাসপাতালে আসেন। তারা বখাটের কবলে পড়েন। একা পেলেই তাদের আক্রমণ করে টাকাপয়সা সব হাতিয়ে নিয়ে চলে যায় বখাটেরা। এ অবস্থায় এই এলাকায় পুলিশের কড়া নজরদারি ও টহল বৃদ্ধি করা দরকার। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

মো. সায়েদ আফ্রিদী

শিক্ষার্থী, ঢাকা কলেজ