চার বছরেও শেষ হয়নি সংস্কার

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৩৮

বগুড়া-নওগাঁ মহাসড়কের সংস্কার কাজ প্রায় চার বছরেও শেষ না হওয়ায় যানবাহন চলাচলসহ পথচারীদের ভোগান্তি হচ্ছে। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। জরুরি ভিত্তিতে সওজের আওতাধীন এই সড়কের সংস্কারের কাজ শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। আদমদীঘি সদরের রফিকুল ইসলাম বলেন, ‘চার বছর ধরে বগুড়া-নওগাঁ মহাসড়কের সংস্কার কাজ শেষ হয়নি। খানাখন্দে ভরা সড়কে চলা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।

জানা গেছে, বগুড়ার-নওগাঁ মহাসড়কটি নতুন করে সংস্কার কাজের উদ্বোধন করা হয় ২০১৭ সালের শেষের দিকে। সেই থেকে সংস্কার কাজ শুরু হলেও দীর্ঘ চার বছরেও কাজটি সমাপ্ত হয়নি। সড়কের বেশ কিছু অংশের সংস্কার কাজ শেষ হলেও আদমদীঘি উপজেলা গেটের সামনে, ব্রিজের নিকট পূর্ব ঢাকা রোড থেকে পশ্চিম ঢাকা রোড পর্যন্ত ৫ কিলোমিটারের কাজ শেষ হয়নি। সড়কে ইটের খোয়া ও বালু বিছানোর পর পড়ে আছে এটি। এখন সড়কটি খানাখন্দে ভরে গেছে। ছোট বড় গর্ত হয়ে যানবাহন চলাচলসহ নানা ভোগান্তির শিকার হচ্ছে পথচারী। ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের যোগাযোগমাধ্যম এই মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে থাকে।

অটোরিকশাচালক হামিদুলসহ কয়েক জন চালকের সঙ্গে কথা বললে তারা জানান, প্রায় চার বছর ধরে এই সড়কের পিচ তুলে ফেলে রাখায় খানাখন্দে পরিণত হয়েছে। এসব গর্তে পড়ে অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীসহ পথচারীরা আহত হচ্ছেন। পাঁচ কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে প্রায় এক ঘণ্টা সময় লাগছে। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এলাকাবাসীর দাবি জরুরিভিত্তিতে সংস্কারের কাজ শেষ করতে হবে।

বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ‘কাজ করতে না পারায় গত ৬ জুন বগুড়া-নওগাঁ মহাসড়কটির আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কাজ শুরু করা হবে। তবে দ্রুত মহাসড়কের সংস্কারের কাজ শেষ করা হবে।’