ফুলবাড়ীতে টানা বৃষ্টি ও কঠোর লকডাউনের কারণে কাঁঠালের চাহিদা নেই। রবিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে দেখা গেছে, তেমন ক্রেতা না থাকায় কাঁঠাল সস্তায় বিক্রি হচ্ছে। চাষি নুর ইসলাম ও ইমরান হোসেন জানান, তারা প্রত্যেকে ১০ থেকে ১২টি করে কাঁঠাল বালারহাট বাজারে নিয়ে এসেছেন। বাজার ক্রেতাশূন্য হওয়ায় পানির দরে কাঁঠাল বিক্রি করেছেন। ইমরান হোসেন ১২টি কাঁঠাল বিক্রি করেছেন ১০০ টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, টানা বৃষ্টি ও কঠোর লকডাউনে বাইরের জেলাগুলোর ফল ব্যবসায়ীরা কাঁঠাল নিয়ে যেতে পারেনি। তাই স্থানীয় বাজারগুলোতে সস্তায় কাঁঠাল বিক্রি করছে চাষিরা।
