পত্নীতলায় ছয় মাস ধরে কালভার্টের পাটাতন ভেঙে চলাচল বিঘ্নিত হচ্ছে। গ্রামের উত্পাদিত কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল সহজে পরিবহন করা যাচ্ছে না। দেখা গেছে, নজিপুর ইউনিয়নের যোগীবাড়ী-বালিনা সড়কে কালভার্টটি ভেঙে পড়ে আছে। যোগীবাড়ী গ্রামের বাসিন্দা রেজুয়ান হোসেন জানান, গত ২০ জানুয়ারি এটি ভেঙে যায়। চলাচলে দুর্ভোগ হচ্ছে। নজিপুর ইউপি চেয়ারম্যান মো. সাদেক উদ্দিন জানান, কালভার্টটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনকে অবগত করেছি। উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার জানান, এ ব্যাপারে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এলজিইডি প্রকৌশলী সৈকত দাশ বলেন, দ্রুত কালভার্টটি নির্মাণ করা হবে।
