বিদ্যুতের লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১

ময়মনসিংহের গৌরীপুরে পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের সময় বিদ্যুৎতায়িত হয়ে মাহবুব মিয়া (২৫) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত মাহবুব নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুনিহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় আরো তিনজন বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছেন। গুরুত্বর আহত শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, সোমবার সকালে অচিন্তুপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনের নতুন খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় বিদ্যুতের এক খুঁটি থেকে অপর খুঁটিতে বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ শ্রমিক মাহবুব, নূরে আলম, শাহ আলম, ইমামুল বিদ্যুতায়িত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ কুমার সরকার তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ সঞ্চালন কাজের সুপারভাইজার ফজলুল হক বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন কাজের সময় আমরা সংযোগ শাট ডাউন করে নেই। কিন্তু শনিবার মুখুরিয়া গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন শাট ডাউন দেয়ার আগেই শ্রমিকরা কাজে লেগে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, অর্থসাশ্রয় করতে টিকাদাররা তাদের ইচ্ছেমতো অদক্ষ লোক নিয়োগ করে সঞ্চালন লাইনের কাজ করান। এসব শ্রমিকদের কোনোরূপ প্রশিক্ষণ নেই। এ কারণেই দুর্ঘটনা ঘটছে ও মানুষের মৃত্যু হচ্ছে। 

আরও পড়ুন: ‘বাড়াবাড়ি করলে ট্রাম্পের রক্ত ঝরবে’, হুমকি মাদুরোর

গৌরীপুর থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহতের খবর পেয়ে আমরা হাসপাতালে এসে মরদেহের আইনি প্রক্রিয়ার কাজ করছি। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি।’

ইত্তেফাক/কেকে