বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সোমবার সহোদর দুই কিশোরসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুপুরে বালুবোঝাই ট্রাকচাপায় দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চালা বানিয়াপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চালা সাত রাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়েছিল। এ সময় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। নিহতদের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
খুলনা : খুলনায় ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা (৫০) নামের নারীর মৃত্যু হয়েছে। সকাল পৌঁনে ৮টার দিকে রূপসা উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন। নিহত রাজিয়া খাতুন রূপসা উপজেলার শিরগাতি গ্রামের কে এম হাবিবুর রহমানের স্ত্রী। তিনি ইঞ্জিনচালিত ভ্যানে করে বাগেরহাটের যাওয়ার পথে চাকায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজারে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাটবাড়িয়া গ্রামের নজরুলের ছেলে সাব্বির হোসেন (১২)। দুপুরে হাটবাড়িয়া সড়কপাড়া থেকে রিক্সাভ্যানে খর নিয়ে বাড়ি যাচ্ছিল সাব্বির। পাবনাগামী কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাঁথিয়া থানার ওসি আসিব মো. সিদ্দিকুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যান চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে সকালে পিকআপের ধাক্কায় অটোচালকের মৃত্যু হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজির বটতলা ইসমাইল বীজ হিমাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক চালক ইসরাফিল ইসলামের বাড়ি ঐ ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়ায়। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, অটোচালকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
