করোনার টিকা রেজিস্ট্রেশনে জটিলতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন সাবমিট করতে না পারা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক হওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে। জানা যায়, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে করোনা টিকার নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, অ্যাপে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর, দুঃখিত এই মুহূর্তে আপনি ভ্যাকসিনের জন্য নির্বাচিত নন। এমন দেখানো হচ্ছে। এ অবস্থায় রেজিস্ট্রেশনে জটিলতা দূর করে দ্রুত সবাইকে টিকার আওতায় আনার দাবি জানান তারা। উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছে। তাদের অভিযোগের বিষয়ে ইউজিসির সঙ্গে কথা বলব।
