বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৩

বগুড়া শহরের মালগ্রাম এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জোবায়ের নামের এক যুবক খুন হয়েছে। রবিবার রাত ১২টার দিকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জোবায়ের মালগ্রাম দক্ষিণপাড়ার মো. টুলুর ছেলে।

পুলিশ জানায়, মালগ্রাম এলাকার এক যুবকের সঙ্গে জোবায়েরের আগে থেকে বিরোধ ছিল। এর জেরে রবিবার রাতে ঐ যুবককে জোবায়ের ছুরিকাঘাত করে। আহত যুবককে উদ্ধার করে স্থানীয় জনগণ শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর এই ঘটনার জেরে আহত যুবকের লোকজন জোবায়েরকে মালগ্রাম এলাকায় ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় জোবায়ের মারা যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ (মিডিয়া) জানান, পূর্ববিরোধের জেরে দুই যুবকই ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। তবে জোবায়ের চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে রাখা আছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।