সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৩

কাপ্তাইয়ে দুস্থদের ত্রাণ দিল বিজিবি

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা কাপ্তাই উপজেলায় গরিব ও দুস্থ ৩২০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন। সোমবার ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব ত্রাণ বিতরণ করেন। উপজেলার কুকিমারাপাড়া, বরইছড়ি, শীলছড়িসহ বিভিন্ন স্থানের দরিদ্র জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

করোনাকালে হাসপাতালের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘করোনাকালে বেসরকারি হাসপাতালের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, আবাসিক মেডিক্যাল অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ।

অসহায় পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় করোনাকালীন দুস্থ অসহায়  পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোট ৮০ পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়। অপর দুইটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে জানান উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।

অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি নড়াইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা  কার্যক্রমের উদ্বোধন করেছে। সোমবার রেড ক্রিসেন্ট, নড়াইলের চৌরাস্তা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান।

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার সামগ্রী বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা করোনাকালীন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার  চাল, লবণ, তেল, চিনি ও ডাল গরিব দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। সোমবার সারিয়াকান্দি পাবলিক মাঠে ৪০০ পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি এসব সামগ্রী বিতরণ করেন।

লালমনিরহাটে সেনাবাহিনীর মাস্ক বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি সেনাবাহিনীর রংপুর ডিভিশনের আয়োজনে সোমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন মেজর রাজিউর রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় মাস্ক ও ত্রাণসামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।

হাসপাতালে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন করেন।

কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে লকডাউনে থাকা অসহায়, কর্মহীন ও সংখ্যালঘু মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে গাংনী পৌরসভার উদ্যোগে এ খাদ্য বিতরণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এসব বিতরণের উদ্বোধন করেন।