নিবন্ধন না করায় বিপাকে ঢাবির অর্ধেক শিক্ষার্থী

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টিকা নেওয়ার জন্য নিবন্ধন না করায় বিপাকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজারেরও বেশি শিক্ষার্থী। নিবন্ধনবিহীন এসব শিক্ষার্থী এখন সরকারের সুরক্ষা অ্যাপে আবেদন করতে পারছেন না। নিবন্ধন করেননি এমন শিক্ষার্থীরা বলছেন, অ্যাপে আবেদন করতে গেলেই ‘দুঃখিত, এই মুহূর্তে আপনি নিবন্ধনের জন্য নির্বাচিত নন’ দেখাচ্ছে। ফলে চলতি সময়ে এসব শিক্ষার্থীর টিকা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী, টিকা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার ১৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী রয়েছেন ৩৭ হাজার। ফলে ১৭ হাজার ৮৭০ জন শিক্ষার্থী এখনো টিকা কার্যক্রমের আওতার বাইরে রয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেসব শিক্ষার্থীর আইডি কার্ড নেই, তাদের আইডি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। যেসব শিক্ষার্থী এখনো নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আরেকটি চিঠি ইস্যু করা হবে। কোনো শিক্ষার্থীই টিকা কার্যক্রমের বাইরে থাকবেন না। এদিকে টিকার জন্য নিবন্ধন করার পরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। কয়েক জন শিক্ষার্থী জানান, তারা বিশ্ববিদ্যালয়ের দেওয়া সময়ে নিবন্ধন করেছিলেন, কিন্তু পরে সুরক্ষা অ্যাপে তাদের নির্বাচিত না বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, টিকা নেওয়ার জন্য তাদের দ্রুত এনআইডি সংগ্রহের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন কমিশন থেকে তালিকা অনুমোদনের পর শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে। শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম দেখভাল করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তারা নিবন্ধন করতে না পারলে কয়েক দিনের মধ্যে তাদের নতুন করে সুযোগ দেওয়া হবে।