‘সিপিসি ও বিশ্ব রাজনৈতিক দল’ ভার্চুয়াল সম্মেলন আজ

মূল বক্তব্য দেবেন শি জিনপিং, অংশ নেবে বাংলাদেশের দলগুলোও

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৮

কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিপিসি ও বিশ্ব রাজনৈতিক দল’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। সিপিসির আন্তর্জাতিক বিভাগ ‘আইডিসিপিসি’ এ সম্মেলন আয়োজন করছে। বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠেয় এই সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলও অংশ নেবে। সম্মেলনে অংশ নেবেন বিশ্বের ১৬০টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক শীর্ষ নেতা ও ১০ হাজারের বেশি প্রতিনিধি।

এই শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণের কল্যাণ : রাজনৈতিক দলের ভূমিকা’। প্রতিপাদ্যের ওপর মূল বক্তব্য উপস্থাপন করবেন সিপিসির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত ২৬ জুন এবং গতকাল সোমবার অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে পরীক্ষামূলক ভার্চুয়াল সম্মেলন হয়েছে।

আইডিসিপিসির বরাতে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপিসহ দলের নির্ধারিত নেতারা অংশ নেবেন। বাংলাদেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগও অংশ নেবে।   ভার্চুয়াল এ সম্মেলনে বিএনপির পক্ষে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আজ সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তারা ভার্চুয়ালি অংশ নেবেন। এছাড়া জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি অংশ নেবেন সম্মেলনে ।