গত ৭০ বছরের রেকর্ড ভাঙলো দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। ২০২০-২১ অর্থবছরে ইতিহাসে সবচেয়ে বেশি জাহাজ এসেছে মোংলা বন্দরে। করোনা মহামারির এ সময়ে গত অর্থবছরে মোট জাহাজ এসেছ ৯৭০টি। এর ফলে এক বছরেই এই বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩৪০ কোটি টাকা। এর আগে ২০১৮-১৯ অর্থ বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৯১২টি জাহাজ থেকে মোংলা বন্দরের আয় হয়েছিল ৩২৯ কোটি ১২ লাখ টাকা। করোনার ধাক্কা সামলে এ বন্দরের অর্থনৈতিক চাকা সচল রাখায় বন্দরের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এ বিষয়ে মোহাম্মদ মুসা বলেন, এ অর্থবছরের মোংলা বন্দর লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে। বিগত বছরে বন্দরে রেকর্ড পরিমাণ পণ্য ওঠানামা হয়েছে। গেল অর্থ বছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস করেছিল। যা থেকে বন্দর নিট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে মোট কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১ কোটি ১৯ লাখ মেট্রিক টন। গত বছরের তুলনায় এই কার্গো হ্যান্ডেলিং বেড়েছে ৮ শতাংশ। এর ফলে বন্দরটি এক বছরে শুধু মুনাফাই অর্জন করেছে ১৩০ কোটি টাকা। এছাড়া বিগত অর্থবছরে ১৪ হাজার ৪৪৭ ইউনিট গাড়ি অবতরণ করেছে। গত অর্থবছরের তুলনায় ২ হাজার ১৮১ ইউনিট বেশি গাড়ি এসেছে এই বন্দরে। আর এ সময়ে করটেইনার হ্যান্ডেলিং হয়েছে ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ।
