বরেণ্য ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহমুদ উর রহমান মোমিন আর নেই। গতকাল দুপুর আড়াইটায় রাজধানীর বড় মগবাজারে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর ওয়ারি ক্লাবের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরাস্থানে দাফন করা হয় এই কীর্তিমান সংগঠককে।
১৯৭২-৮১ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ উর রহমান মোমিন। এক যুগেরও বেশি সময় ওয়ারি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৬০-৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান জাতীয় হকি দলে খেলেছেন তিনি এবং ১৯৬৫ সালে অধিনায়কের দায়িত্ব পালন করেন।
সফল এই ক্রীড়া ব্যক্তিতের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সবাই।
