তামিম অনিশ্চিত, সাকিব প্রস্তুত

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:০৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল। হাঁটুর ইনজুরির কারণে বাঁহাতি এ ওপেনারের খেলার সম্ভাবনা কম। আঙুলের ইনজুরি কিছুটা সেরেছে বলেই ম্যাচ খেলতে আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচে অলরাউন্ড পারফরম করা সাকিব আল হাসান দেশের হয়ে টেস্ট খেলতে মুখিয়ে আছেন। গতকাল হারারে থেকে এমনটাই বলেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তামিম-মুশফিকের ইনজুরি নিয়ে তিনি বলেছেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। তামিম এখনো শতভাগ নিশ্চিত না। তাকে নিয়ে সংশয় আছে। সামনে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা সাকিবকে এবার দলে পাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ৭৪ রান ও ৩ উইকেট নিয়েছেন তিনি। তার উপস্থিতি দলে ভারসাম্য এনেছে জানিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘সাকিব টেস্ট খেলতে মুখিয়ে আছে খুবই। বড় প্লেয়ারদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাকে ফিরে পাওয়াটা দারুণ। দলের ভারসাম্য বেড়ে যায়। টপ সিক্সে ব্যাটিং করে, ফ্রন্টলাইন বোলার। আন্তর্জাতিক প্রতিটি দলই এমন প্লেয়ার পেতে মুখিয়ে থাকে।’ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শুরু হবে আগামীকাল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।