বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। দেশব্যাপী কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো সাত দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা, শঙ্কা ক্রমশ বাড়ছেই।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সফরে টাইগারদের বিরুদ্ধে ৫টি টি-২০ খেলবে অ্যারন ফিঞ্চের দল। বর্তমানে ওয়েস্টইন্ডিজ সফরে রয়েছে তারা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ানরা।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি। এখনো সিরিজ চূড়ান্ত আছে বলেই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
গতকাল জানতে চাইলে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত সবকিছু ইতিবাচকভাবেই এগোচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে নির্ধারিত সময়ে হবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বিসিবির যোগাযোগ আছে জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের আপডেট দেওয়া হচ্ছে, তারাও আপডেট নিচ্ছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। দল না আসা পর্যন্ত এভাবেই চলে।’
করোনার প্রভাব থাকলেও জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি। গতকাল বিসিবির এ কর্মকর্তা বলেছেন, ‘আমরা করোনার মধ্যে দুটি আন্তর্জাতিক সিরিজ, চারটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছি। সর্বশেষ টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা ছিল। সঙ্গে আরো অনেকে জড়িত ছিল। ঐ টুর্নামেন্টটা আমরা সফলভাবে আয়োজন করেছি। আমরা খুবই আত্মবিশ্বাসী। বাকিটা নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে এগোয়।’
সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দেওয়া সব শর্তই মেনে নিয়েছে বিসিবি। এক সপ্তাহে (২-৮ আগস্ট) ৫টি ম্যাচ খেলতে চায় তারা এবং সব ম্যাচই মিরপুর স্টেডিয়ামে। বিমানবন্দরে ইমিগ্রেশন, হোটেলেও আলাদা সুবিধা চেয়েছে অস্ট্রেলিয়া। আয়োজক বিসিবি প্রস্তুত থাকলেও এখন সিরিজটার ভাগ্য অনেকটাই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর।
