ভ্যাকসিন সংগ্রহে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার :কাদের

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:৫৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন। গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন। আরো ভ্যাকসিন আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয়সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।

দেশে অক্সিজেন নিয়ে কোনো সংকট নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে, তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধকল্পে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জীবনের প্রয়োজনে বেঁচে থাকার জন্য হলেও আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র, হত্যা আর অগণতান্ত্রিক পথে চালনাকারী বিএনপি কখনো সত্য মেনে নিতে পারে না। সত্য ও সঠিক ইতিহাস তুলে ধরলে ইতিহাস বিকৃতির জনকদের মর্মজ্বালা বেড়ে যাওয়াই স্বাভাবিক। সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা ভুলে গেছেন বেগম জিয়া একজন দণ্ডিত আসামি, মাসের পর মাস অযথা সময়ক্ষেপণ করে বিএনপিই বেগম জিয়ার মামলার বিচারপ্রক্রিয়াকে বিলম্বিত করছে। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের করা মামলাটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে বিএনপির আইনজীবীরা তা প্রমাণ করতে পারলেন না কেন?