শ্রীপুরে বানর ধরে তোপের মুখে গ্লোব বায়োটেকের পাঁচ কর্মী

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:৫৮

করোনার টিকা নিয়ে গবেষণার জন্য গত রবিবার শ্রীপুর উপজেলার বরমী বাজারে বানর ধরে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েন গ্লোব বায়োটেকের পাঁচ কর্মী। নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিয়েও রেহাই পাননি তারা। এলাকাবাসী পাঁচ জনকেই আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনকে তাদের হেফাজতে নেয়। এ পাঁচ জন হলেন—গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ও গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাশেদ, ক্যামেরা পার্সন ফাহাদ আল কাদরি এবং তাদের দুই গাড়ি চালক। পুলিশ পরে পাঁচ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেয়।

স্থানীয় লোকজন জানান, ঐ ব্যক্তিরা গাড়ি নিয়ে এসে বরমী বাজারে বানর ধরতে শুরু করেন। তারা এক ঘণ্টার মধ্যে ২২টি বানর ধরে ফেলেন। স্থানীয়রা বানর ধরা দেখে তীব্র প্রতিবাদ জানান। পরে তাদের আটক করে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহির সরকার জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি কয়েকটি বানর খাঁচায় আবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে বানর ধরার কারণ জানতে চান। পরে তারা গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি করা করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানব দেহে পুশ করার আগে প্রাণীর দেহে পুশ করে এর কার্যকারিতা যাচাইয়ের জন্য বানর ধরার কথা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, বানর ধরার জন্য সরকারের সব দপ্তরের অনুমতি নিয়ে আসলেও স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বানর ধরার কারণে এমন বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন ইত্তেফাককে বলেন, তারা গ্লোব বায়োটেকের কর্মী। তাদের কাছে গবেষণার জন্য বানর ধরার বৈধ অনুমতিপত্র আছে। তাই তাদের রাতে ছেড়ে দিয়েছি।