গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ করায় কিশোরীকে হত্যার অভিযোগ!

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৩

বরগুনায় ভাড়া বাসার বাথরুমের ফাঁকা দিয়ে গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ করায় সামিরা (১৪) নামের এক কিশোরীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম বরগুনার কলেজ রোডে (খামার বাড়ি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক আবুল বাশারের ছেলে জামাল (৩০) হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ খবর পেয়ে শহরের কলেজ রোড এলাকার আবুল বাশার মিয়ার বাড়ির যৌথ বাথরুম থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো সামিরাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়। এসময় কর্তব্যরত চিকিত্সক সামিরাকে মৃত বলে জানান।

সামিরার মা সুরমা বেগম বলেন, ‘আমি চায়ের দোকান দেই এবং আবুল বাশার মিয়ার একটি ঘরে ভাড়া থাকি। ঘটনার দুই-তিন দিন আগে আমার মেয়ে গোসলখানায় গোসল করতে গেলে বাড়ির মালিক আবুল বাশারের ছেলে জামাল বাথরুমের ফাঁকা দিয়ে দেখছিল। বিষয়টি বুঝতে পেরে সামিরা আমাদের জানায়। জামালের বাবা গ্রামের বাড়ি ছিলেন। তিনি বিষয়টি কাউকে না জানানোর শর্তে বাড়ি থেকে এসে ছেলের বিচার করবেন বলে জানান। এরই মধ্যে সোমবার বাড়ির মালিকের ছেলে জামাল ও তার স্ত্রী আমার মেয়েকে মেরে ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলিয়ে রেখেছে।’ নিহত সামিরা খেজুরতলা গ্রামের বাবুর্চি রফিকুল ইসলামের মেয়ে। সে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অপরদিকে বাড়ি মালিকের ছেলে জামাল দুই সন্তানের জনক, পেশায়  নির্মাণশ্রমিক।