হিলি স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন যাতায়াত করা যাবে

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এখন থেকে সপ্তাহে তিন দিন বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। তবে এ ­েক্ষত্রে দুই দেশের বিশেষ অনুমতি নিতে হবে। গত রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি আদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছেছে। আগে প্রতিদিন আসা-যাওয়া করা যেত।

এদিকে গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে এখন থেকে ভারতে অবস্থান করা বাংলাদেশিরা হিলি, বেনাপোল, আখাউড়া, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত দিয়ে সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।

জানতে চাইলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী জানান, চিকিত্সা ও জরুরি প্রয়োজনে ভারতে গিয়ে আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা এখন থেকে সপ্তাহে তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। একই ভাবে ভারতীয় পাসপোর্ট যাত্রীরাও বাংলাদেশ থেকে ফিরতে পারবেন এবং আসতে পারবেন। এছাড়া চিকিত্সাসহ জরুরি প্রয়োজনে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা আবার ভারতে যেতে পারবেন।