নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদ হাসান রাজুর। একমাত্র ছেলের সন্ধান না পেয়ে পাগলপ্রায় দরিদ্র বাবা-মা। রবিবার দুপুরে নিখোঁজ রাজুর সন্ধানে সরকারের হস্তক্ষেপ কামনা করে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ১৪ মাস বয়সি শিশুকন্যাসহ স্ত্রী হাফসা ও মা আকলিমা বেগম। জানা যায়, গত ২৪ জুন রাতে ঢাকার মিরপুর এলাকার একটি মেস থেকে নিখোঁজ হন জাহিদ হাসান রাজু। মেধাবী ছাত্র রাজু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে লেখাপড়া করছিলেন। ঐ মেসে থেকে টিউশনি ও চাকরির সন্ধান করছিলেন তিনি। পাশের কক্ষে থাকা সহপাঠী মিজানুর রহমান জানান, ঐদিন রাত সাড়ে ৮টার দিকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। রাত ৯টার দিকে দুজন অপরিচিত লোক এসে রাজুর কক্ষের তালা খুলে ভিতরে ঢুকে আবার বের হয়ে যায়। এরপর রাজুর কক্ষে গিয়ে তারা দেখতে পান রাজুর মোবাইল ফোন ও ট্যাব নেই।
