ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর পাশে লইসকার বিলে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে পানিতে ডুবে মো. শ্রাবণ (১৫) নামে এক ছাত্র মারা গেছে। গত রবিবার উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রাবণ জেলা শহরের পশ্চিম পাইকপাড়া ব্যাংক কলোনি এলাকার মো. রনি খানের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে আমিরপুর গ্রামের লইসকার বিলে তারা ৩২ জন বন্ধু নৌকা নিয়ে পিকনিক করতে যায়। নতুন পানি দেখে বিলের মধ্যে সবাই লাফালাফি শুরু করে। একপর্যায়ে শ্রাবণও লাফ দেয়। প্রথমবার, দ্বিতীয়বার ও তৃতীয়বার লাফ দেওয়ার পর শ্রাবণকে বিলের মধ্যে আর খুঁজে পাওয়া যায়নি।
